হাতিবান্ধায় বয়লার বিস্ফোরণ, নারীসহ ৬ শ্রমিক দগ্ধ

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় চাতালের বয়লার বিস্ফোরণে নারীসহ ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত আমজাদ হোসেন তাজু’র চাতালে এ দুর্ঘটনা ঘটে।
 
দগ্ধরা হলেন, হাতিবান্ধা উপজেলার সিন্দুর্না গ্রামের মইশালের ছেলে অতিন্দ্র (৫০), একই গ্রামের আফসার আকন্দের ছেলে নুর মোহাম্মদ (৩০), ধীরন্দ্রনাথের ছেলে গোবিন্দ (২০), ভরসাধুর স্ত্রী স্বপ্না রানী (২৭), ওসমানের স্ত্রী আছিয়া (৪২) ও মোজাম্মেলের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)।
 
প্রত্যক্ষদর্শীরা  জানান, দুপুর ১২টার দিকে চাতালে ধান সিদ্ধ করার জন্য বয়লারে পানি গরম করছিলেন শ্রমিকরা। ভুলবশত বয়লারের গ্যাস বের হওয়ার মুখ বন্ধ থাকায় অতিরিক্ত গরম হয়ে সেটি বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকা ৬ শ্রমিক দগ্ধ হন।
 
 
ইত্তেফাক/এমআই