নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া (৩০)কে বেড থেকে তুলে এনে রাস্তায় প্রকাশ্য দিবালোকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় জুয়েলের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় জুয়েলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামের মান্নান মুন্সি ও আমীর আলীর মধ্যে জমি নিয়ে মারামারী হয় গত রমজানের আগে। কিন্তু মান্নান মুন্সি ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জুয়েল মিয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গত কাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তাকে মারধর করে। জুয়েল আহত অবস্থায় ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গাউসুল আজিম বলেন, জুয়েলের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। রোগীর অবস্থা আশংকাজনক বিধায় তাকে রংপুর মেহিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি মো. বজলুর রশিদ জানান, তিনি এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএন