সিরিয়ার অবরুদ্ধ মাদায়া থেকে ১৩ অসুস্থ শিশু উদ্ধার

সিরিয়ার অবরুদ্ধ মাদায়া শহর থেকে ১৮ অসুস্থ মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়েছে ত্রাণ কর্মীরা। শুক্রবার উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জনই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
তারা জানান, অসুস্থ শিশুদের মধ্যে মেনিনজাইটিস ও অপুষ্টিতে ভোগা শিশুরা রয়েছে। এদের মধ্যে দুই শিশু রক্তে দুষণ সমস্যায় ভুগছে।  উদ্ধারকৃতদের মধ্যে এক গর্ভবতী নারী রয়েছেন যার সন্তান গর্ভেই মারা গেছে।
 
সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট এক টুইট বার্তায় নিশ্চিত করেছে যে, তারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মাদায়া এবং সরকার নিয়ন্ত্রিত দুইটি শহর কুফরায়া ও ফুয়া থেকে মানবিক কারণে ৩৬ জন অসুস্থ ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নিচ্ছে।
 
ডা. মোহাম্মদ দারবিশ জানান, মাদায়া থেকে উদ্ধারকৃতদের দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া হবে। জাতিসংঘের মধ্যস্থতায় সম্পাদিত একটি চুক্তি অনুযায়ী অসুস্থ ব্যক্তিদের অন্যত্র সরিয়ে নেয়া এ পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
 
তিনি বলেন, এটি একটি ভাল পদক্ষেপ তবে আমরা আশা করবো ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে কোন জটিলতা দেখা দেবে না।
 
দুই বছর আগে সরকারি বাহিনী মাদায়া শহরটি ঘিরে ফেলে এবং গত গ্রীষ্মে তারা এটি পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। ফলে শহরে আনুমানিক ৪০ হাজার বাসিন্দা। খাদ্য ও ওষুধ সংকটে রয়েছে।