ফিলিপাইনের কমিউনিস্ট গেরিলারা সাত দিনের অস্ত্রবিরতি পালন করতে সম্মত হয়েছে। আগামী রবিবার থেকে তারা অস্ত্রবিরতি শুরু করবে। নরওয়ের উদ্যোগে আসন্ন শান্তি আলোচনার সমর্থনে তারা এই অস্ত্রবিরতি পালন করবে। খবর -এএফপি’র।
ম্যানিলা সরকারকেও অস্ত্রবিরতি পালনের আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা।
প্রেসিডেন্ট রদরিগো দুতেরতে শুক্রবার ফিলিপাইনের কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই অস্ত্রবিরতির ঘোষণা এলো।
এশিয়ার অন্যতম দীর্ঘস্থায়ী এই বিদ্রোহী তৎপরতার ইতি টানতে নরওয়ের রাজধানী অসলোতে উভয়পক্ষের মধ্যে বৈঠক হবে। আগামী সোমবার বৈঠকটি শুরু হবে। বৈঠকে উভয়পক্ষ একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছতে পারবে বলে আশা করা হচ্ছে।
সরকারের হিসেবে অনুযায়ী ৪৭ বছরের এই বিদ্রোহী তৎপরতায় ৩০ হাজার লোক প্রাণ হারিয়েছে। সূত্র: এএফপি