লিবিয়ায় জরুরি মানবিক সহায়তার প্রয়োজনে ২৪ লাখ মানুষ

বিশ্ব মানবাধিকার দিবসে লিবিয়াকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে জাতিসংঘ বলেছে, লিবিয়ার লাখ লাখ লোক ও অভিবাসী চরম সংকটের মুখে দিন কাটাচ্ছেন। দেশটিতে প্রায় ২৪ লাখ মানুষ খাদ্য ও স্বাস্থ্যসেবার মত জরুরি সেবাগুলোর অভাবে মানবেতর জীবনযাপন করছেন।
 
জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার এক বিবৃতিতে বলেন, ‘লিবিয়ার ২৪ লাখের বেশি লোকের মানবিক সাহায্য প্রয়োজন। তাদের ওষুধ ও টিকার অভাব রয়েছে এবং তারা দুর্বল স্বাস্থ্যসেবার শিকার হচ্ছেন। প্রায় তিন লাখ শিশু স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রায় সাড়ে তিন লাখ নাগরিক দেশের ভেতরেই গৃহহীন হয়ে পড়েছেন।’
 
কবলার আরো বলেন, নিজ দেশ থেকে পালিয়ে যাওয়া দুই লাখ ৭০ হাজারের বেশি অভিবাসী চরম ঝুঁকির মুখে রয়েছেন এবং তারা লিবিয়ায় আটকা পড়েছেন। এর ফলে চরম মানবিক সংকট তৈরি হয়েছে সেখানে। -এএফপি
ইত্তেফাক/এমএএস