জাতিসংঘ ছাড়ার হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

জাতিসংঘ ছাড়ার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দেশটিতে চলমান মাদকবিরোধী যুদ্ধকে আন্তর্জাতিক আইনে অপরাধ বলে জাতিসংঘের সমালোচনার পর তিনি এ হুমকি দেন।
 
দুতার্তে জানান, জাতিসংঘের মতো আরেকটি সংস্থা গঠন করার কথা তিনি চীন ও আফ্রিকান দেশগুলোকে বলতে পারেন। সন্ত্রাস, ক্ষুধা ও দ্বন্দ্ব নিরসনে ব্যর্থতার জন্যে জাতিসংঘকে দায়ী করেন তিনি।
 
মে মাসে বিপুল ভোটে নির্বাচিত হওয়া দুতার্তে মাদক ব্যবসা নির্মূলে পাচারকারীদের 'হত্যার উদ্দেশ্যে গুলি' করার নির্দেশ দেন। গুলির নির্দেশকে মানবাধিকার লঙ্ঘন বলে এর সমালোচনা করেছে জাতিসংঘ। দুতার্তে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত সন্দেহভাজন প্রায় ৯শ পাচারকারীকে হত্যা করা হয়েছে।
 
গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দুই বিশেষজ্ঞ বলেন, দুতার্তে সন্দেহভাজন মাদক পাচারকারীদের হত্যা করতে পুলিশ ও জনগণকে নির্দেশ দিয়েছেন যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ।
 
এই দুজন বিশেষজ্ঞকে ‘মূর্খ’ উল্লেখ করে দুতার্তে বলেছেন, মাদকের কারণে কতো নিরীহ মানুষ প্রাণ হারায় তাদের উচিত তার হিসাব করা। তিনি বলেন, আমি আপনাদের অপমান করতে চাই না। কিন্তু সম্ভবত জাতিসংঘ থেকে আমাদের সরে আসার সিদ্ধান্ত নিতে হবে।
 
তিনি আরো বলেন, আপনারা এ ধরণের বল্গাহীনহীন কথা বললে আমাদেরকেও জাতিসংঘ ছাড়তে হতে পারে। -এএফপি
 
ইত্তেফাক/এমএএস