ইসলামি জঙ্গিদের মোকাবিলায় আফগানিস্তানে আরো অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ভারত। এ লক্ষ্যে এ মাসের শেষের দিকে আফগান সেনাপ্রধানের ভারত সফরে আসার কথা রয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে কাবুলের রাষ্ট্রদূত বলেন, পাকিস্তান যদি এ সামরিক সহায়তাকে তাদের দুশ্চিন্তার কারণ বলে মনে করে তাতেও এ উদ্যোগে কোন প্রভাব ফেলবে না।
ভারতে আফগান রাষ্ট্রদূত শাইদা মোহাম্মদ আব্দালি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ক্রমেই খারাপ হচ্ছে। যে কারণে আফগান নিরাপত্তা বাহিনীর সামরিক সরঞ্জাম অত্যন্ত জরুরি ভিত্তিতে দরকার। তালেবান , ইএস ও অন্যান্য জঙ্গি মোকাবিলায় এসব প্রয়োজন।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমরা ভারতের চারটি সামরিক হেলিকপ্টার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমাদের এ সহায়তা আরো প্রয়োজন। বর্তমানে আমরা যে পরিস্থিতির সম্মুখীন তারজন্য এ অঞ্চলের সবাই আজ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর সে উদ্বিগ্নতা ভারতের মধ্যেও রয়েছে।
এদিকে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৯ আগস্ট আফগান সেনাপ্রধান জেনারেল কদম শাহ শাহিমের ভারত সফরের কথা রয়েছে। এসময়ে তিনি মার্কিন নির্দেশনা অনুযায়ী সামরিক সরঞ্জামের তালিকা প্রদান করবেন। তবে এর জন্য কতটা অর্থের মাধ্যমে এবং কতটা বিনামূল্যে দেওয়া হবে তা এখনো পরিষ্কার করা হয়নি।
তবে এ ধরনের সামরিক সহযোগিতা দুই বৈরি প্রধান দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আরো নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, এটি পাকিস্তানকে আরো দুশ্চিন্তায় ফেলবে। কেননা এই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য আফগানিস্তান পাকিস্তানকে দোষারোপ করছে। পাশাপাশি কাশ্মিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য পাকিস্তানকে দোষারোপ করছে ভারত।
ইত্তেফাক/এমএএস