রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। চালু হওয়ার পর ঢাকার ব্যস্ততম প্রবেশপথ যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত সড়ক অনেকটাই যানজটমুক্ত হয়। তবে নগরবাসীর কপালে এই সুখ বেশিদিন সয়নি। এখন ফ্লাইওভারের নিচের সড়ক নিয়ে অস্বস্তির শেষ নেই। প্রতিদিন এখানে যানজট লেগেই থাকে। এটার প্রভাবে স্থবির হয়ে যায় পুরো রাজধানী।
এই যানজটের নেপথ্যের কারণ হিসেবে অবৈধ ট্রাক স্ট্যান্ড, কাঁচাবাজার এবং মুরগির খাঁচাকে দায়ী করা হচ্ছে। ফুটপাত ও সড়ক হকারদের দখলে থাকায় কোনো গাড়ি ফ্লাইওভারে স্বাচ্ছন্দ্যে ওঠা-নামা করতে পারে না। এছাড়া খানা-খন্দে ভরা এই সড়কের অবস্থা এখন বেহাল। এসব কারণে এই সড়কের যানজট কমছে না।
গত ৩ আগস্ট রাজধানীর বি?ভিন্ন সরকা?রি ?বেসরকা?রি সেবা সংস্থার প্রধানদের নিয়ে একটি সমন্বয় সভা হয়। ওই সভায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের যানজট কমানো, আশ-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রাক স্ট্যান্ড সরাতে একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়। ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কমিটির প্রধান করা হয়। পাঁচ সদস্যের এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কমিটি চুপ থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই।
সরেজমিনে দেখা গেছে, উপরে ঝকঝকে ফ্লাইওভার আর নিচে সড়কজুড়ে গর্ত, ফেলে রাখা শুকনো মাটি, আবর্জনা আর ধূলাবালি। ফ্লাইওভারের নিচের সড়ক অনেকদিন ধরে সংস্কার না করায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনায় আহত হচ্ছেন রিকশা, বাইসাইকেল, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের আরোহীরা। ফ্লাইওভার নির্মাণের সময়ই ভারী যন্ত্র আর গাড়ি ব্যবহারের কারণে এই সড়ক ধীরে ধীরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া আস্তে আস্তে দখলদারদের হাতে চলে যায় সড়কের আশ-পাশ। স্থানীয়দের অভিযোগ, যানজট কমানোর স্বস্তিতে নিচের সড়কের দিকে একেবারেই নজর দিচ্ছে না কর্তৃপক্ষ। ফ্লাইওভারের নিচে অনেকদিন ধরে জমে থাকা শুকনা মাটি, ময়লা-আবর্জনা শুকিয়ে যাওয়ায় এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। ব্যস্ত এ সড়ক দিন-রাত সব সময়ই ঘন ধূলায় আচ্ছন্ন থাকে।
কাপ্তান বাজার মোড়ের দোকানদার মনির দেওয়ান জানান, অব্যবস্থাপনার কারণে এক সময়কার ব্যস্ত এই সড়কের এখন এই দুরবস্থা। ওয়ারীর ব্যবসায়ী আনোয়ার হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ফ্লাইওভার উদ্বোধনের পর প্রায় সাড়ে তিন বছর ধরেই এ অবস্থা চলছে। এছাড়া ফ্লাইওভারের গুলিস্তান অংশের নিচের সড়কে মুরগির দোকান বসানো হয়েছে। রাত বাড়লেই এখানে বসে মাদকের হাট। প্রকাশ্যে ইয়াবা সেবন করতে দেখা যায়। স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে এটা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এ প্রসঙ্গে বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সড়কের সমস্যা সমাধানের লক্ষ্যে নতুন করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। আগামী রবি অথবা সোমবার কমিটি বসার কথা রয়েছে। আশা করছি, দ্রুত এই সমস্যার সমাধান হবে।
ইত্তেফাক/এএন