সিরিয়ায় অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র-রাশিয়া

সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর করার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর করে জিহাদিদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করবে দেশ দুটি।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, এই অস্ত্রবিরতি চুক্তি ঈদুল আযহার ছুটির প্রথম দিন সোমবার থেকে কার্যকর করা হবে।
 
সিরিয়ায় চলমান সংঘাতের প্রশ্নে এতদিন পরস্পর বিপরীত মেরুতে ছিল ওয়াশিংটন ও মস্কো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে রাশিয়া ও বিদ্রোহী জোটকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে আসছে।
 
লাভরভ ও কেরির মধ্যে ম্যারাথন আলোচনার পর আকাঙ্ক্ষিত এ অগ্রগতি সাধিত হল। এ দুই শীর্ষ কূটনীতিক সিরিয়ার পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসানে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এই দীর্ঘ সংঘাতে দেশটিতে প্রায় দুই লাখ ৯০ হাজার লোক নিহত এবং দেশের প্রায় অর্ধেক লোক গৃহহীন হয়ে পড়েছে। দেশটির বহু মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন। সূত্র: এএফপি