উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় একমত নিরাপত্তা পরিষদ

উত্তর কোরিয়া পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানোর পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে তাত্ক্ষণিকভাবে কাজ শুরু করার ব্যাপারে একমত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কঠোর নিন্দা জানায় এবং জাতিসংঘ সনদের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী একটি নতুন খসড়া প্রস্তাবের কাজ শুরু করতে একমত হয়েছে। নিউজিল্যান্ডের দূত গেরার্ড ভ্যান বোহেমেন বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রস্তাবের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে অবিলম্বে কাজ আরম্ভ করবে। তিনি বর্তমানে পরিষদের পর্যায়ক্রমিক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
 
উত্তর কোরিয়া শুক্রবার সফলভাবে তাদের পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এর শক্তি ১০ কিলোটন। দক্ষিণ কোরিয়ার ভাষ্য, পরীক্ষাটি উত্তর কোরিয়ার এ যাবত্কালের সবচেয়ে বড় পরীক্ষা। এর ফলে দেশটি উল্লেখযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রগতি অর্জন করেছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও চীন সবাই এ পরীক্ষার নিন্দা জানিয়েছে।
 
নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, দেশটি তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রগুলোর উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যাতে এ অঞ্চল এমনকি বিশ্বকে পারমাণবিক হামলার হুমকির ভেতর রাখা যায়। ওদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যাপারে দেশটির মিত্র চীনের বাধা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনার জন্য জাপান, দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে পরিষদ বৈঠকে বসে। বৈঠকের পর চীনের দূত লিউ জেইয়ি বলেন, সব পক্ষকে পারস্পরিক উসকানি এবং পরিস্থিতিকে আরো গুরুতর করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর দেশটির ওপর এ পর্যন্ত পাঁচবার জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইত্তেফাক/এমএএস