কাতালুনিয়ার স্বাধীনতার দাবিতে বার্সেলোনায় লাখো লোকের সমাবেশ

স্পেনের উত্তর-পূর্ব প্রান্তের বার্সেলোনা ও অন্যান্য শহরে প্রায় আট লাখ মানুষ স্বায়ত্তশাসিত কাতালুনিয়া অঞ্চলের স্বাধীনতার পক্ষে সমাবেশ ও মিছিল করেছে। রবিবার কাতালুনিয়ার জাতীয় দিবসে রাস্তায় নেমে আসা এসব জাতীয়তাবাদীরা স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন ভূমির পক্ষে শ্লোগান দেয়।
 
পুলিশ জানিয়েছে, অঞ্চলটির রাজধানী বার্সেলোনায় স্বাধীনতার পক্ষে পাঁচ লাখ ৪০ হাজার মানুষ মিছিল-সমাবেশ করেছে, এছাড়া বাকীরা অন্য চারটি কাতালান শহরে মিছিল-সমাবেশ করেছেন। কিন্তু গত বছর এ দিনটিতে শুধু বার্সেলোনায়ই ১৪ লাখ মানুষ স্বাধীনতার পক্ষে মিছিল-সমাবেশ করেছিল। ওই তুলনায় এবার লোকসমাগম অর্ধেকেরও কম হয়েছে যা লক্ষ্যণীয় ছিল।
 
স্পেন থেকে কাতালুনিয়ার বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে গণভোট আয়োজনের উদ্যোগে ধারাবাহিকভাবে বাধা দিয়ে আসছে স্পেন। বার্সেলোনার সমাবেশে কাতালুনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন সমর্থকদের ‘কাতালুনিয়াকে একটি স্বাধীন দেশে রূপান্তর করতে’ সমর্থনের আহ্বান জানান।  
 
আলোচনার মাধ্যমে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি। ২০১৪ সালে কাতালুনিয়ার জাতীয়তাবাদীদের আয়োজনে বেসরকারি এক গণভোটে স্বাধীনতার পক্ষে অঞ্চলটির ৮০ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছিল।
 
কাতালুনিয়ার জাতীয় দিবসকে ‘দিয়াদা’ বলা হয়। ১৭১৪ সালে স্পেনীয় রাজা পঞ্চম ফিলিপের অনুগত বাহিনীর কাছে বার্সেলোনার পতনের মুহূর্তটির স্মরণে দিবসটি পালিত হয়। কাতালুনিয়ার লোকসংখ্যা ৭৫ লাখ। এদের মধ্যে ১৬ শতাংশ স্পেনীয়। স্পেনের মোট জিডিপির প্রায় ১৯ শতাংশের যোগান এই অঞ্চলটি থেকে আসে। বিডি নিউজ।
 
ইত্তেফাক/এসএসএ