কাশ্মিরে ৭ সন্দেহভাজন 'বিচ্ছিন্নতাবাদী' নিহত হওয়ার দাবি

 
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে সাত সন্দেহভাজন 'বিচ্ছিন্নতাবাদী' নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। ভারতীয় সেনাবাহিনীর বরাতে বিবিসি জানায়, রবিবার কাশ্মিরের কুপওয়ারা জেলায় সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা (ভারতীয় কাশ্মিরের সীমান্ত) পার হওয়ার চেষ্টাকালে এসব সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।
 
সেনা মুখপাত্র এনএন জোশি বলেন, তারা নওগাম সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল, কিন্তু তাদের প্রতিহত করা হয়। এ সময় চার জঙ্গি নিহত হন ও তাদের একে রাইফেলগুলো উদ্ধার করা হয়।
 
অপরদিকে পুঞ্চ জেলায় একটি সরকারি দফতরে হামলা চালানোর চেষ্টাকালে আরো তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এ সময় সংঘর্ষে এক পুলিশ সদস্যও নিহত হন। ৯ জুলাই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে স্থানীয়ভাবে জনপ্রিয় বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি (২২) নিহত হওয়ার পর থেকে কাশ্মিরে ভারত-বিরোধী ব্যাপক সহিংস বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে গত দুমাস ধরে কাশ্মিরজুড়ে সান্ধ্য আইন বলবৎ আছে।
 
তারপরও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন আরো অন্তত ১০ হাজার মানুষ। বিডি নিউজ।
 
ইত্তেফাক/আরএ