'ভারত-যুক্তরাষ্ট্র সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব'

 
ভারত-যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। লাওসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাতের পর এ মন্তব্য করা হলো। এতে আরো বলা হয়, এ সহযোগিতা কেবল দুইদেশের মধ্যেই উন্নয়নের জোয়ার আনবে না বরং সারাবিশ্ব এর সুফল ভোগ করবে।
 
হোয়াইট হাউস বুধবার এক বিবৃতিতে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অগ্রাধিকার ভিত্তিতে অংশীদারিত্বমূলকভাবে এ সহযোগিতা অব্যাহত রাখতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট বলেন, বিভিন্ন বিষয়ে আমাদের মাঝে দূরত্ব থাকলেও যদি আমরা এক হয়ে কাজ করি তাহলে গোটা বিশ্বে এর কল্যাণ বয়ে আনবে।
 
গত সপ্তাহে প্রেসিডেন্ট ওবামা ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হয়। ইন্ডিয়া-আসিয়ান সম্মেলন এবং ১১তম ইস্ট এশিয়া সম্মেলনের ফাঁকে তাদের মাঝে আলোচনা হয়। গত দুই বছরের মধ্যে এটি তাদের অষ্টম বৈঠক। এনডিটিভি
ইত্তেফাক/এমএএস