পাঁচ গ্রামবাসীকে হত্যার দায়ে সেনাদের সশ্রম কারাদণ্ড

 
পাঁচ গ্রামবাসীকে হত্যার দায়ে মিয়ানমারের ৭ জন সেনা সদস্যকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, অভিযুক্ত ওই সাত সেনা হত্যার দায় স্বীকার করেছে। ওই সাতজনের মধ্যে চারজন সেনা কর্মকর্তা।
 
জুনে মিয়ানমারের পূর্ব শান রাজ্যে বিদ্রোহী বেসামরিক বাহিনীকে সাহায্য করছে সন্দেহে একদল গ্রামবাসীকে ধরে নিয়ে আসে সেনারা, পরে তাদের মধ্যে ছুরিকাঘাতে নিহত পাঁচজনের লাশ একটি অগভীর কবরে পাওয়া যায়। বৃহস্পতিবার একটি সামরিক আদালত এ দণ্ডাদেশ দেয়। এ মামলাটি মিয়ানমারে সামরিক বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করার এক বিরল উদাহরণ।
 
ওই ঘটনায় দেশের সামরিক বাহিনী বিচারের পদক্ষেপ গ্রহণ করায় খুব বিস্মিত হয়েছেন অধিকারকর্মী সাই কায়ুং খাম। তিনিই মং ইয়াও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ওই পরিবারগুলোকে বিচার দাবি করতে উদ্বুদ্ধ করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, কোনো শাস্তি না হওয়ার চেয়ে তাদের কারাদণ্ড হয়েছে এটাই ভাল।
 
তবে মং ইয়াও গ্রাম থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় নিহত অপর দুইজনের মৃত্যুর দায় গ্রহণ করেনি সামরিক বাহিনী। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ