জন্মদিনে গুজরাটে মায়ের আশীর্বাদ নিতে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনে গতকাল মায়ের আশীর্বাদ নিতে গুজরাটে যান। প্রতিবছরই তিনি এই দিনটিতে যেখানেই থাকেন না কেন ছুটে যান মায়ের কাছে। বছরের পরিক্রমায় ৬৬ বছর পূর্ণ করে এখন তিনি ৬৭ তে পদার্পণ করলেন। দিনটিকে স্মরণীয় করতে টুইটে দেওয়া হয়েছে মায়ের সঙ্গে তোলা নানা ছবি।
 
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের মেহসানা জেলায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। ওইদিন খুব সকালে তিনি সেখানে যান। দেখা হয় মায়ের সাথে। প্রায় আধঘণ্টা সময় কাটান তিনি। এসময় তোলা হয় মায়ের সঙ্গে ছবি। মা হিরাবান মোদী (৯৭) পুত্রকে বিশেষ মিষ্টি খাওয়ান যা তিনি তার জন্য তৈরি করেছিলেন। এর আগে তিনি মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। পরে তিনি টুইটে বলেন, একজন মায়ের ভালোবাসা ও আশীর্বাদ জীবনের সবচেয়ে বড় স্পর্শমণি। এরপর তিনি গভর্নর হাউস পরিদর্শনে যান। সেখানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি তাকে অভ্যর্থনা জানান। এসময় বিজেপির অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন। তারপর তিনি বিমানে মধ্য গুজরাটে দাওহডে যান।
 
 
ইত্তেফাক/এএন