প্রায় প্রতিদিনই অটোচালকদের দৌরাত্ম্যের শিকার হয়ে থাকেন যাত্রীরা। দুর্ব্যবহার, অতিরিক্ত ভাড়া দাবি, বেপরোয়া গতিতে অটো চালানোর মতো নানাবিধ কারণে সাধারণ যাত্রীদের কাছে অটোচালকদের ভাবমূর্তি অনেকটা খলনায়ক প্রকৃতির। এই বাস্তবতায় কেউ কি স্রেফ ভালবেসেই অটোচালক হতে পারেন? পারেন জেনিফার।
কে এই জেনিফার? ভারতের তামিল নাড়ুর পন্ডিচেরির এক মহিলা অটোচালক তিনি। মহিলাদের অটো চালানো কোনও নতুন ঘটনা নয়। তবে জেনিফারের কাহিনী অন্যদের থেকে একটু আলাদা। কারণ অভাবের তাড়নায় নয়, ভালবেসে গত আট বছর ধরে অটো চালাচ্ছেন তিনি!
জেনিফারের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার নজরে আনেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকাঙ্খা দুরেজা। নিজের ফ্রেঞ্চ লেনের অফিসে যাওয়ার সময় প্রায়ই তার দেখা হয় জেনিফারের সঙ্গে।
IMG0
ভালো ইংরেজি জানা জেনিফারের কাছে কোনো নামী কোম্পানিতে চাকরি জুটানো বড় ব্যাপার নয়। কিন্তু তিন চাকার এই বাহনকে ভালবেসেই আট বছর ধরে যাত্রী পারাপার করে চলেছেন তিনি। বিয়ে করে সংসার পেতেছেন। স্বামীও অটোচালক এবং স্ত্রীর সিদ্ধান্তে তার পাশেই দাঁড়িয়েছেন।
ইত্তেফাক/এএম