পৃথিবীর অন্যতম শান্তির দেশ হিসাবে নির্বাচিত হয়েছে কানাডা। নতুন এক জরিপ অনুসারে, শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম স্থানে আছে আইসল্যান্ড। কানাডার অবস্থান অষ্টম।
আইসল্যান্ডের পরে আছে ডেনমার্ক, অস্ট্রিয়া, নিউ জিল্যান্ড, পর্তুগাল, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, কানাডা, জাপান ও স্লোভেনিয়া। আর যুক্তরাজ্য ৪৭তম এবং যুক্তরাষ্ট্র ১০৩তম স্থানে রয়েছে।
গ্লোবাল পিস ইনডেক্স সম্প্রতি এই রিপোর্টটি (২০১৬) প্রকাশ করে। তাদের রিপোর্টে আরো দেখা যায় কানাডা ইউরোপের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে শান্তি ও নিরাপত্তার বিচারে। আর উত্তর আমেরিকায় কানাডার অবস্থান সর্বোচ্চ। মার্কিন যুক্তরাষ্ট্র বহুদূর পিছিয়ে আছে কানাডার তুলনায়।
তবে সার্বিকভাবে বিশ্ব গত বছরের তুলনায় কম শান্তিতে আছে। আর গত এক দশকের বিচারে বিশ্বে শান্তি কমেছে ২.৪৪%। বছরের পর বছর শান্তি কমেছে সবচেয়ে বেশি ইউক্রেন ও তুরস্কে।
প্রবাসী কণ্ঠ থেকে জানা যায়, কানাডার শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কানাডার ইতিবাচক মনোভাব রয়েছে। এখানকার ইনস্টিটিউটগুলো এবং স্ট্রাকচার সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রেখেছে এবং তা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও কানাডার পরিস্থিতি আরো উন্নত হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
গত নির্বাচনে লিবারেল পার্টির জয়ের পর সিরিয়ান রিফুজিদের আশ্রয়দান, হিউমেনিটারিয়ান এইড এ বৃহত্তর অনুদান, ইরাক ও সিরিয়া থেকে সম্মুখ সমরের সৈন্য ও যুদ্ধজাহাজ সরিয়ে আনা দেশটির শান্তির জন্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। আর এর ফলে অধিক সংখ্যক মানুষ এখন কানাডার প্রতি আকৃষ্ট হবে।
ইত্তেফাক/আরএ