ভারতের মুম্বাইয়ে 'অনার কিলিং'য়ের নামে হত্যা করা হয়েছে এক গর্ভবতী নারীকে। হত্যাকারীরা রেহাই দেয়নি তার স্বামীকেও। ভালবেসে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করার মূল্য এভাবেই দিতে হল সুফিয়া নামের ওই নারীকে। পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যু হল তার সন্তানেরও।
বৃহস্পতিবার মুম্বাইয়ের মুমব্রার কাছে দাইঘরের বাড়ি থেকে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দম্পতির বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তখনই তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে শিল-দাইঘর থানার পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, মৃত বিজয় শঙ্কর যাদব (৩০) ও তার স্ত্রী সুফিয়া (২২) গত বছর উত্তরপ্রদেশের বাড়ি থেকে পালিয়ে মুম্বাই এসে বিয়ে করেন। তারপর সেখানেই থাকতেন তারা।
ময়নাতদন্তে জানা গেছে, দু’জনকেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের প্রায় ৪৮ ঘণ্টা আগে হত্যা করা হয়েছে তাদের।
রিপোর্ট বলছে, ৯ মাসের গর্ভবতী সুফিয়াকে প্রথমে পেটে জোরে ঘুষি মারা হয়। তারপর দু-তিনবার তার পেটে ছুরি দিয়ে আঘাত করে হত্যাকারীরা। আর তাতেই পেট থেকে শিশুর পা বাইরে বেরিয়ে আসে। শ্বাসকষ্টে মারা যায় শিশুটি। বিজয়ের গলার নলি কেটে তাকে হত্যা করা হয়।
সাময়িক তদন্ত শেষে পুলিশের অনুমান, অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করার জন্যই এই পরিণতি। বিয়ের পর সুফিয়ার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি হত্যাকারীরা। আর সেই কারণেই প্রাণ হারাতে হল এই দম্পতিকে।
ইত্তেফাক/এএম