নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস পড়ে ১৮ জন নিহত

নেপালে পাহাড়ি রাস্তা থেকে একটি বাস পড়ে গিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি ধারণ ক্ষমতার চেয়েও বেশি যাত্রী বহন করছিল। বাসটির যাত্রীদের বেশিরভাগই দেশটির বৃহত্তম ধর্মীয় উৎসব দাশিন পালনের জন্য বাড়ি ফিরছিলেন।
 
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটির ছাদেও যাত্রী বহন করা হচ্ছিল। তার ওপর রাস্তাটি ছিল কাঁদায় পরিপূর্ণ। ভূমিধসের ফলে বেহাল দশা হয়েছিল পাহাড়ি রাস্তাটির।
 
একজন উদ্ধারকারীর বরাত দিয়ে এনডিটিভির খবরে জানানো হয়, বাসটির বামপাশের চাকা রাস্তা থেকে নেমে যাওয়ায় বাসটিই উল্টে পড়ে যায়। রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার নিচে আখু নদীর পাড়ে গিয়ে গাড়িটি ঠেকে।
 
দুর্ঘটনাস্থলটি রাস্তা কাঠমান্ডু থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে। উদ্ধারকাজে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন যোগ দেয়। কাঠমান্ডু থেকে দুইটি হেলিকপ্টার পাঠানো হয় সেখানে। হেলিকপ্টারে করে ১৩ জন আহতকে উদ্ধার করে রাজধানীর হাসপাতালে নিয়ে আসা হয়। ইত্তেফাক/এমএএস