ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বিভাগ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়েছেন।
 
নর্থ ক্যারোলিনার শার্লট ও ওকলাহোমার তুলসাতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল। আগের দুই ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভকারীদের সামাল দিতে শার্লটে জরুরি অবস্থা জারি করেছিল কর্তৃপক্ষ।
 
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে একের পর এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হচ্ছেন। নিহতদের মধ্যে অল্পবয়সী কিশোরও রয়েছেন। বর্ণবাদী মনোভাব থেকে পুলিশ কৃষ্ণাঙ্গদের সঙ্গে নির্মম আচরণ করছে বলে ক্রমেই অভিযোগ জোরালো হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস/এমএএস