লাওসের উত্তরাঞ্চলে একটি ঝুলন্ত সেতু ছিঁড়ে দুই শিশু মারা গেছে ও অপর ৩ জন নিখোঁজ হয়েছে। শিশুরা স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ৫০ জনের বেশি শিক্ষার্থী নিচে পড়ে যায়।
শনিবার রাষ্ট্র পরিচালিত ভিয়েনতিয়ানে টাইমস জানায়, লুয়াং প্রাবাং প্রদেশের এই কাঠের সেতুটির কয়েকটি দড়ি ছিঁড়ে গেলে স্কুলের একজন শিক্ষক, বেশ কয়েকজন শিশু ও একজন মোটরসাইকেল আরোহী নিচে জেং নদীতে পড়ে যায়।
পত্রিকাটি আরো জানায়, ‘মর্মান্তিক এই দুর্ঘটনায় ২ শিশু মারা গেছে। ৫২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ শিশু এখনো নিখোঁজ রয়েছে।’
শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। শিশুরা প্রতিদিনের মতো সেতুটি পার হয়ে স্কুলে যাচ্ছিল।
ভিয়েংখাম জেলার ডেপুটি গভর্নর স্কাইহাম চ্যানথোউম্মা ভিয়েনতিয়ানে টাইমসকে বলেন, নৌকার সাহায্যে তারা নিখোঁজ ৩ শিশুর সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছেন।
কর্মকর্তারা জানান, ২০১৩ সালে নির্মিত সেতুটি এক বছরের বেশি সময় ধরে পরীক্ষা করা হয়নি। এএফপি
ইত্তেফাক/এমএইচ