সমকামী বিবাহকে বৈধ করে ফেডারেল আদালতের দেওয়া রায়ের সঙ্গে ভিন্নমত পোষণ করায় যুক্তরাষ্ট্রের আলবামার প্রধান বিচারপতিকে সাসপেন্ড করা হয়েছে। আলবামায় বিচারপতিদের একটি প্যানেল এ সংক্রান্ত একটি রুল জারি করেছে। রুলে বলা হয়েছে বিচারপতি রয় মুর তার অধীনস্থ বিচারকদের সমকামী বিবাহের অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়ে বিচারিক নীতি লঙ্ঘন করেছেন।
রয় মুর বলেছেন আদালতের সিদ্ধান্তটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার আইনজীবী আপিল করার কথা বলেছেন। এর আগে এই স্পষ্টভাষী রক্ষণশীল বিচারক আরেকবার সাসপেন্ড হয়েছিলেন।
২০০৩ সালে তিনি একটি সরকারি ভবন থেকে 'টেন কমান্ডমেন্টস' লেখা একটি মনুমেন্ট সরিয়ে ফেলতে অপারগতা জানিয়েছিলেন। গত শুক্রবার আলবামার ৯ জন বিচারককে নিয়ে গঠিত একটি কমিটি তাকে সাসপেন্ড করে। তার চাকরির বাকি মেয়াদ তিনি সাসপেন্ড অবস্থায় থাকবেন এবং কোনো বেতন পাবেন না। বেঞ্চ থেকে তাকে বের করে দেওয়ায় মুর ২০১৯ সালের নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিচারপতিদের প্যানেল বলেছে ৬ জানুয়ারি মুরের রুলে ফেডারেল আদালতকে অমান্য করা হয়েছে।
বিচারপতি মুর সমকামী বিবাহের ঘোর বিরোধী। তিনি একবার সমকামিতাকে সহজাত শয়তানের কাজ বলেছিলেন। সূত্র: বিবিসি/ইত্তেফাক/এমএএস