বিমান হামলায় আলেপ্পোর সর্ববৃহৎ হাসপাতাল বন্ধ

 
রাশিয়া ও সিরিয়ার বিমান হামলার কারণে আলেপ্পোর সর্ব বৃহৎ হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
 
দ্য সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি জানায়, হাসপাতালটিতে কাজ করার সময় তাদের ওপর ব্যারেল বোমা দিয়ে হামলা চালানো হয়। এ সময় সিরিয়ার ঐতিহাসিক এই শহরে সিরিয় সরকার বাহিনীও হামলা চালায় বলে জানা যায়।
 
সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সরকার বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের হামলা-পাল্টা হামলা চলছে। রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী ১৯ সেপ্টেম্বরের পর পুনরায় হামলা শুরু করে। সিরিয় সরকারের সৈন্যরা স্থলভাগ দিয়েও বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে।
 
এদিকে জাতিসংঘ দাবি করেছে, সিরিয়ান সরকার ও রাশিয়ার আক্রমণে গত কয়েক সপ্তাহে ৪০০ জনের বেশি সাধারণ মানুষ মারা গেছে। মৃতদের মধ্যে শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। এদিকে যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়ার এই ধরণের কার্যক্রম সিরিয়ান বিদ্রোহীদের জঙ্গিতে পরিণত করছে। এর প্রতি উত্তরে রাশিয়া জানায়, জঙ্গিদের আশ্রয় দিতেই যুক্তরাষ্ট্র এ ধরণেই বিবৃতি প্রদান করছে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ