'পড়াতে পারবো না' বলায় বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ মেয়ের

'পড়াতে পারবো না' বলায় সৎ বাবার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ভারতের বেঙ্গালুরুর এক নাবালিকা।
 
নন্দিনী নামের ওই মেয়ের ভাষ্য, দশ বছর বয়সে বাবার মৃত্যু হলে ভাল স্কুলে পড়ার স্বপ্ন ভেঙে যায় তার। মা দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে কোনও নিষেধ করেনি সে। বিয়ের আগে তাকে ভাল স্কুলে পড়ানোর কথাও বলেছিলেন সৎ বাবা। কিন্তু ২০১৪ সালে বিয়ের পর আর কথা রাখেননি তিনি। এমনকি, স্কুল ড্রেস বা বই কেনার টাকাটাও দেননি।
 
চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুতেই একবার পুলিশের দ্বারস্থ হয় নন্দিনী। তার অভিযোগ ছিল, পড়াশোনায় পারিবারিক কোনও সাহায্য পাচ্ছে না সে। বিশেষ করে, তার লেখাপড়া চালিয়ে যাওয়ার বিরোধিতা করছেন তার সৎ বাবা। পড়াশোনার খরচ চাইলেই তাকে কাজ করে টাকা উপার্জনের কথা বলছেন তিনি।
 
এমন স্পর্শকাতর বিষয়ে পুলিশ আইনি ব্যবস্থা না নিয়ে তার অভিভাবকদের বুঝিয়ে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু তাতে অবস্থার পরিবর্তন হয়েছে এমনটা নয়। ফের পড়াশোনা নিয়ে সৎ বাবার সঙ্গে তর্কাতর্কির জেরে গত সপ্তাহে বাড়ি থেকে পালিয়ে যায় নন্দিনী।
 
বেঙ্গালুরুর চিক্কাবল্লপুর স্টেশন থেকে তাকে উদ্ধার করে প্রথমে শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকেই তাকে পরবর্তীকালে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
 
আইনি পদক্ষেপ না নেওয়া হলেও ওই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দিনীর অভিভাবকের সঙ্গে কথা বলে তাকে যেন ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করা হয়েছে। এবং নন্দিনীও তার বাবা মায়ের কাছে থাকতে রাজি হয়েছে আপাতত।
 
ইত্তেফাক/এএম