নিজেদের ড্রোন দেখালো ইরান

স্থানীয়ভাবে তৈরি চালকবিহীন বিমান (ড্রোন) প্রদর্শন করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয় সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি এই ড্রোন স্মার্ট বোমা বহনে সক্ষম।
 
তবে ইরানের এই ড্রোনের নকশা কতটুকু মৌলিক তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ড্রোন নকল করে এটি বানিয়েছে ইরান। পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের একটি টহল ড্রোন আটক করেছিল ইরান।
 
ফার্সি ভাষায় ড্রোনটির নাম রাখা হয়েছে সায়েগেহ বা বজ্রপাত। রেভলিউশনারি গার্ডের সর্বশেষ অস্ত্র প্রদর্শনীতে এটিকে দেখানো হয়।
 
ইরানের অ্যারোস্পেস অস্ত্র প্রধান আমির আলি হাজিজাদেহ জানান, দূর পাল্লার এই ড্রোন স্মার্ট গাইডেড বোমা দিয়ে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। তবে প্রদর্শনের সময় ড্রোনটিকে উড্ডয়ন করানো হয়নি।
 
যুক্তরাষ্ট্রের RQ-170 ড্রোনের সঙ্গে মিল রয়েছে এর। ২০১১ সালে এরকম একটি ড্রোন আটক করেছিল ইরান। সূত্র: রয়টার্স
ইত্তেফাক/এমএএস