আলেপ্পোয় বিদ্রোহীদের দিকে অগ্রসর হচ্ছে আসাদ বাহিনী

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের দিকে এগিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র বেসামরিক বাহিনীগুলো। শহরের পূর্বাংশ ছেড়ে বিদ্রোহীদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গত কয়েকদিনের বিমান হামলায় সুবিধাজনক অবস্থানে রয়েছে সিরীয় বাহিনী।
 
ইরান সমর্থিত বেসামরিক বাহিনী ও রুশ বিমানের সহায়তায় আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশগুলো মুক্ত করতে হামলা আরম্ভ করে সিরীয় বাহিনীগুলো। গত মাসে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে তারা  এ অভিযান পরিচালনা করে আসছে।
 
সেনাবাহিনী ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উভয় বাহিনী হাদারাত শরণার্থী শিবির থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে কিন্ডি হাসপাতাল ও শুকায়িফ শিল্প এলাকার কিছু অংশ দখলে নিয়েছে।
 
আলেপ্পোভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী ফাস্তাকিমের জাকারিয়া মালাহিফজি জানিয়েছেন, শুকায়িফ শিল্প এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে একথা জানা যায়। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এদিন বিমান হামলার সঙ্গে সঙ্গে সরকারি বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশ লক্ষ্য করে গোলাবর্ষণও করা হয় এবং শহরের বিভক্তি রেখা বরাবর দু’পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের ঘটনা ঘটেছে।
 
গত জুলাইতে প্রধান সরবরাহ পথ কাস্টেলো সড়ক বিদ্রোহী বাহিনীর হাতছাড়া হওয়ার পর থেকে পূর্বাংশ সরকারি বাহিনীর অবরোধের মুখে পড়ে। আসাদ বাহিনী উত্তরাংশে ব্যাপক অগ্রসর হয়েছে। তারা ইতোমধ্যেই আল-হালুক শহরতলীতে এসে পৌঁছে গেছে। সূত্র: রয়টার্স ও আল জাজিরা
ইত্তেফাক/এমএএস