সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়ে পাকিস্তানে 'হিরো' কেজরিওয়াল

পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর 'সার্জিক্যাল স্ট্রাইক'-এর প্রমাণ চেয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমে নায়কের মর্যাদা পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাক মিডিয়ার বক্তব্য, 'সবটাই যে ভারতের মিথ্যে দাবি, আদতে যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, কেজরিওয়ালের বক্তব্যই তার প্রমাণ।
 
এমনিতে ভারতীয় প্রধানমন্ত্রীর সমালোচনার কোনো সুযোগ ছাড়েন না কেজরিওয়াল। তার অফিসে সিবিআই তল্লাশি হওয়ায় মোদীকে তিনি 'কাপুরুষ' ও 'পাগল' আখ্যা দেন। সেই কেজরিওয়ালই সোমবার একটি মিনিট তিনেকের ভিডিও-তে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করেন। তারপর শুরু করেন মোদীর প্রশংসা। 
 
শেষমেশ বলেন, 'সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানের মিথ্যে প্রচারের মুখোশ খুলে দেওয়ার জন্য ওই অপারেশনের ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক।'
 
আর এতেই কেজরিওয়ালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে পাক সংবাদপত্র ও সংবাদ চ্যানেলগুলো। দিল্লীর এই মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে তারা দাবি করছে, আসলে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি।
 
জি-নিউজের খবরে প্রকাশ, 'আসলে এভাবে একটি পক্ষ ওই অপারেশনের প্রমাণ চেয়ে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে চাইছে।'
 
ইত্তেফাক/এএম