ডিএসইর ৭৭ পয়েন্ট সূচক বেড়েছে টানা চার কর্মদিবসে

পুঁজিবাজারে টানা চার কর্মদিবস ধরে বাড়ছে সার্বিক মূল্য সূচক। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৪ হাজার ৭০০ পয়েন্টের উপরে উঠে এসেছে। বাজারে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বাড়ছে। এ ধরনের প্রবণতা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। 
 
তারা বলছেন, বাজারে ধীরে ধীরে সার্বিক মূল্য সূচক বাড়ছে। সঙ্গে লেনদেনও হচ্ছে পাঁচশ থেকে ছয়শ কোটি টাকা। বাজারে লেনদেন বাড়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের অবদান বাড়ছে। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাজারে কেউ যেন কোন ধরনের কারসাজি করতে না পারে সে ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক থাকতে হবে। তবেই বাজার ইতিবাচক হবে।
 
তথ্যে দেখা গেছে, টানা ৪ কার্যদিবসের উত্থানে ডিএসইর সার্বিক মূল্য সূচক বেড়েছে ৭৭ পয়েন্ট। যার উপর ভিত্তি করে ডিএসইর মূল্যসূচক গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। 
 
রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২১ পয়েন্টে দাঁড়িয়েছে। যা চলতি বছরের ৯ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার ২১ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ১৯ পয়েন্ট বেড়েছিল। এ ছাড়া অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচকও টানা ৪ কার্যদিবস ধরে উত্থানে রয়েছে।
 
ডিএসইর তথ্যে দেখা গেছে, রবিবার ডিএসইতে ৫৭৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট  লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কর্মদিবসে ছিল ৬২৮ কোটি ১৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে লেনদেন হয়েছে এবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৪৮ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কাশেম ড্রাইসেলের ১৪ কোটি ৭১ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পনির শেয়ারে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৩ লাখ টাকা। লেনদেনে এরপর রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, মিথুন নিটিং, ড্রাগন  সোয়েটার অ্যান্ড স্পিনিং, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মাসিটিক্যালস, গ্রামীণফোন ও বেক্সিমকো।
 
এদিকে রবিবার সিএসই’র সিএসসিএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫৭ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৪৫ পয়েন্ট, বুধবার ৩৪ পয়েন্ট ও মঙ্গলবার ২৪ পয়েন্ট বেড়েছিল। গতকাল সিএসইতে ৪০  কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৩৭ কোটি ৮৪ লাখ টাকা।
 
 
ইত্তেফাক/এমআই