পুঁজিবাজারে বাড়ছে সার্বিক মূল্য সূচক, বাড়ছে লেনদেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন হয়েছে ৮০৩ কোটি টাকা। পরিমাণ আগেরদিন ছিল ৬৩০ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৮৬ লাখ টাকার বা ২৭ দশমিক ৪১ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। এ ধরনের প্রবণতা ইতিবাচক। কারণ বাজারে লেনদেন বাড়লে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়। এদিকে বাজারে লেনদেন বাড়ার সাথে সাথে সূচকও বাড়ছে। গত প্রায় তিন মাস ধরেই বাজারে সূচক বাড়ছে ধীরে ধীরে। একটানা সূচক না বেড়ে ধীরে ধীরে বাড়ার এ প্রবণতাও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২৩টি কোম্পানির দর কমেছে এবং ৫১টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার। এদিন কোম্পানিটির ৪৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা শাশাঁ ডেনিমসের শেয়ারে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭২ লাখ টাকা। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ারে লেনদেন হয়েছে ২৯ কোটি ২১ লাখ টাকা। লেনদেনে এরপর রয়েছে- পেনিনসুলা চিটাগাং, আরএসআরএম স্টিল, অলিম্পিক এক্সেসরিজ, কাশেম ড্রাইসেল, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোস এবং ডরিন পাওয়ার জেনারেশন।
এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৩ পয়েন্টে। সিএসইতে ৫৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৩৯ কোটি ৪৯ লাখ টাকা।
ইত্তেফাক/এমআই