বাবা-মার অযত্ন হলে মাইনে কাটা যাবে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম একটি অভিনব আইন প্রণয়ন করতে চলেছে, যাতে সরকারি কর্মচারীরা তাদের বাবা-মায়ের ঠিকমতো দেখাশোনা না-করলে তাদের বেতন থেকে একটা অংশ কেটে নেওয়া হবে।

 
আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ সপ্তাহে তাদের রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে এ কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন, এই নতুন নিয়ম ২০১৭-১৮ অর্থ বছর থেকেই চালু হয়ে যাবে। তিনি বলেছেন, “বয়স্ক বাবা-মার যত্ন নেওয়া প্রত্যেক সন্তানের কর্তব্য। যদি কোনো সরকারি কর্মচারী সেটা না করেন তাহলে সরকারই তার মাইনে কেটে নিয়ে সেই কর্তব্য পালন করবে।” কর্মচারীদের মাইনে থেকে যে টাকা কাটা হবে, সেটা তার বাবা-মায়ের ভরণপোষণের জন্য ব্যয় করা হবে বলে সরকার জানিয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে ইদানিং এমন বহু অভিযোগ উঠেছে, যেখানে যথেষ্ট আর্থিক সঙ্গতি না থাকা সত্ত্বেও ছেলে-মেয়েরা অসুস্থ বাবা-মায়ের দিক থেকে নজর ফিরিয়ে নিয়েছে। অনেক ক্ষেত্রে এমন বহু অসহায় বাবা-মা আদালতেরও শরণাপন্ন হয়েছেন। কখনো কখনো কোর্টের রায়ে তারা সন্তানের বাড়িতে আবার ফিরে যাওয়ার অধিকারও পেয়েছেন। তবে এই সামাজিক সমস্যার প্রতিকারে আসাম সরকার যে অভিনব পন্থার কথা ভেবেছে, তা অন্য কোনো রাজ্যে কখনো প্রয়োগ করা হয়নি। তবে এতে কতটা কাজ হবে সেটাই দেখার বিষয় বলে অনেকে মন্তব্য করেছেন।
ইত্তেফাক/নূহু