সত্যার্থীর নোবেল রেপ্লিকা উদ্ধার, গ্রেফতার ৩

নোবেল শান্তি পুরস্কারের রেপ্লিকা ও অন্যান্য মূল্যবান মালামাল উদ্ধারের মধ্য দিয়ে ভারতের নোবেল জয়ী সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর বাড়িতে হওয়া চুরির ঘটনার সমাধান হয়েছে।
 
গত বুধবার কৈলাশ সত্যার্থীর দিল্লির বাসভবন থেকে চুরি ‌যায় তার নোবেল পুরস্কারের রেপ্লিকা। সত্যার্থীর মার্কিন ‌যুক্তরাষ্ট্রে থাকার সুযোগে তার বাড়িতে ঢুকে চোর। নোবেল পদকের রেপ্লিকার পাশাপাশি বেহাত হয় বেশকিছু দামি জিনিসপত্র।
 
টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সত্যার্থীর নোবেল রেপ্লিকাসহ চুরি ‌যাওয়া সব মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে। ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে।
 
গাজিয়াবাদ ও দিল্লির সঙ্গমবিহারের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ওইসব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
কৈলাশ সত্যার্থীর আসল পদকটি রয়েছে রাষ্ট্রপতি ভবনে। তিনি নোবেল পদকটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করায় তা রাখা হয়েছে রাইসিনা হিলসের মিউজিয়ামে।
 
শিশুদের নিয়ে কাজ করার স্বীকৃতি-স্বরূপ ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মান জানানো হয় সত্যার্থীকে। তার সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফ-জাই।
 
২০০৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়েছে। ১৯১৩ সালে পাওয়া কবিগুরুর সেই নোবেল পদকটি আজও উদ্ধার করা যায়নি।
 
ইত্তেফাক/মনসুর