বিচারব্যবস্থা ভেঙে পড়েছে :ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। শনিবার টুইটার বার্তায় এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তার নির্বাহী আদেশে আদালতের নিষেধাজ্ঞা দেয়ার পর অভিবাসী আসাকে বিপজ্জনক বলেও উল্লেখ করেন। এদিকে ফের প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। খবর বিবিসি ও পলিটিকো’র

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, অভি-বাসীদের ঠেকাতে নতুন নির্বাহী আদেশ জারি করতে পারেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে বলেন, আমাদের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, নির্বাহী আদেশ আদালত স্থগিত করার পর যতো শরণার্থী এসেছে তার ৭৭ শতাংশ এসেছে সন্দেহভাজন সাত দেশ থেকে। এটা খুবই বিপজ্জনক। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন টাইমসে শরণার্থীদের নিয়ে একটি নিবন্ধেরও সমালোচনা করেন। ওই নিবন্ধে বলা হয়, যতো শরণার্থী এসেছেন তারা নির্বাহী আদেশ জারির আগেই আসার চেষ্টা করেছেন। টুইটার বার্তায় ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে খরচ কমিয়ে আনারও ঘোষণা দেন। তিনি বলেন, আমি পড়েছি যে, সীমান্তে দেয়াল নির্মানে সরকারের ধারণার চেয়ে বেশি খরচ হবে। তবে এখনো এর নকশা কিংবা সমঝোতার বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। আমি এফ-৩৫ যুদ্ধবিমান এবং এয়ারফোর্স ওয়ান কর্মসূচির খরচ যেভাবে কমিয়েছি, ঠিক সেভাবে দেয়াল নির্মানের খরচও কমিয়ে আনবো।

ফের ট্রাম্পের সমালোচনায়

মেরিল স্ট্রিপ

নিউ ইয়র্কের ন্যাশনাল এলজিবিটি গ্রুপের হিউম্যান রাইটস ক্যাম্পেইন এর একটি অনুষ্ঠানে মেরিল স্ট্রিপ বলেন, জানুয়ারিতে গোল্ডেন গ্লোবের আসরে বক্তব্য দেয়ার পর থেকে তিনি ট্রাম্পের নিশানায় পরিণত হয়েছেন। গোল্ডেন গ্লোবের আসরে বক্তব্য দেয়ার পর মেরিল স্ট্রিপকে নিয়ে টুইটারে এক মন্তব্য পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি মিস স্ট্রিপকে ‘অতিমূল্যায়িত শিল্পী’ হিসেবেও আখ্যায়িত করেন। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় আবেগঘন কণ্ঠে মেরিল স্ট্রিপ হাসতে হাসতে বলেন, হ্যাঁ আমি অবশ্যই একজন অতিমূল্যায়িত শিল্পী এবং বর্তমানে অতিরঞ্জিতও শিল্পীও আমি। তিনি বলেন, যারা চরমপন্থী তাদের কর্মকান্ড নিয়ে আমাদের বিস্মিত হওয়া উচিত হবে না। আমরা যা ভেবেছিলাম, তার তুলনায় অনেক বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি। এমন নিরাপত্তাহীনতায় জীবন যাপন করতে হয়, একসময় সর্বনাশা সময় শুরু হতে পারে। প্রতিহিংসামূলক সময়ও চলে আসতে পারে। আর স্বাধীনতা ঠুনকো বা ভঙ্গুর হলে সেটা কী রূপ নিতে পারে তা দেখানোর কারণে প্রেসিডেন্টকেও আমাদের ধন্যবাদ দিতে হবে - বলেন মেরিল স্ট্রিপ। অস্কার জয়ের পাশাপাশি আমেরিকার গোল্ডেন গ্লোব লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
ইত্তেফাক/নূহু