আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত সপ্তাহে ন্যাটোর বিমান হামলায় বেসামরিক ব্যক্তিরা নিহত হয়েছেন বলে জাতিসংঘের একটি প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই হামলায় নিহত ১৮ জনের বেশিরভাগই ছিল নারী ও শিশু।
রবিবার জাতিসংঘের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতি ও শুক্রবার হেলমান্দ প্রদেশের সানগিন জেলায় বিমান হামলায় ১৮ জনের মতো নিহত হন। সংস্থাটি বলেছে, এই হামলাগুলো ‘আন্তর্জাতিক সামরিক বাহিনী’ দ্বারা পরিচালিত হয়েছে। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ওই সামরিক জোটের সাম্প্রতিক অভিযানগুলোতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিমানগুলোই অংশগ্রহণ করেছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলাতেই ওই প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার জাতিসংঘের পক্ষ থেকে এ নিহতের সংখ্যাটি নিশ্চিত করা হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে স্যানগিন এলাকায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রায় ৩০টি বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেন আন্তর্জাতিক সামরিক জোটের মুখপাত্র চার্লস এইচ ক্লিভল্যান্ড। তিনি বলেন, ‘আমরা অভিযোগগুলোর ব্যাপারে তদন্ত করছি। আফগান বাহিনীকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলাতেই ওই বেসামরিকদের মৃত্যু হয়েছে কি-না, তা বের করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’ ওই হামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সরকারের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঘটনার তদন্ত করছে। আল জাজিরা।
ইত্তেফাক/এসএসএ