যুক্তরাষ্ট্র সফরে জাস্টিন ট্রুডো

যুক্তরাষ্ট্রে সফরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার এই সফরে ব্যবসা এবং কানাডার নিজস্ব মূল্যবোধ গুরুত্ব পাবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অভিবাসী ইস্যুতে প্রধানমন্ত্রী ট্রুডো অভিবাসন নীতি নিয়ে তার যুক্তি তুলে ধরবেন। তবে তিনি কোনভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে কোন ইস্যুতে ক্ষুব্ধ করবেন না বলে জানিয়েছেন।
 
সোমবারই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী ট্রুডোর বৈঠক হওয়ার কথা রয়েছে। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তৃতীয় কোনো দেশের সরকার প্রধানের বৈঠক হচ্ছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। 
 
প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণায় অভিবাসী নীতি কঠোর এবং নাফটা চুক্তি নিয়ে আলোচনার কথা জানিয়েছিলেন।  নাফটা চুক্তির দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। শুক্রবার এক সংবাদ সম্মেলনে উদারপন্থী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে কানাডার মূল্যবোধ তুলে ধরার চেষ্টা করবেন। 
 
তবে নিজ আদর্শ থেকে নয়, শ্রদ্ধা রেখেই এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন। তিনি আশা করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে  তিনি বিভিন্ন বিষয়ে একমত হতে পারবেন। অর্থনৈতিক ইস্যুও এই বৈঠকে গুরুত্ব পাবে। কারণ কানাডার রপ্তানির ৭৫ ভাগ আসে যুক্তরাষ্ট্র থেকে। সিএনএন ও রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির