বাবা-মাকে ভোটমুখী করলে বাড়তি নম্বর পাবে শিক্ষার্থীরা

বাবা-মাকে ভোটমুখী করাতে নতুন পথে নামতে দেখা গেল স্কুলের ছাত্রছাত্রীদের। সামনে মুম্বাই পৌরসভার ভোট। গত বছর সেখানে ওই ভোটের হার ছিল মোটে ৪০ শতাংশ। এবার তা আরও কমতে পারে। এই আশঙ্কায় আগেভাগে সচেতনতা চোখে পড়েছে মুম্বাইয়ের রাস্তায়। মিছিল ও পথনাটিকায় অংশ নিতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের।

ভোটে অংশগ্রহণ বাড়াতে অগ্রণী ভূমিকা নিয়েছে মুম্বাই শহরের বিভিন্ন স্কুল। ছাত্রছাত্রীদের বলা হয়েছে, বাবা-মাকে ভোটের লাইনে দাঁড় করাতে পারলে পাওয়া যাবে বাড়তি নম্বর।
 
হিন্দুস্তান টাইমসের খবর, নম্বর জোগাড় করতে উৎসাহিত হয়ে বাবা-মাকে ভোটদানের আর্জি জানিয়ে নিয়মিত পথে নামতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের স্কুল শিক্ষার্থীদের। 

স্থানীয় এক স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১২ সালের পৌরসভার ভোটের হার ছিল ৪০ শতাংশ। যা খুবই খারাপ। সেজন্য স্কুল ছাত্র-ছাত্রীদের মাধ্যমে নাগরিকদের ভোটদানে সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এভাবে কোনো দল বা প্রার্থীকে উদ্বুদ্ধ করা হচ্ছে না। শুধু সচেতনতা বাড়িয়ে ভোটদানের হার বাডা়তে এই উদ্যোগ।
 
ওই স্কুলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জনসাধারণকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ভোট মানে সরকারি ছুটি, -এমন ধারণা যেন কারো মনে না থাকে। এমনকি, ছাত্র-ছাত্রীদের দিয়ে তাদের বাবা-মাকে চিঠিও দেয়া হচ্ছে। চিঠিতে বলা হচ্ছে কেন তারা ভোট দেবেন। বাবা-মা দু’জনেই ভোট দিলে তাদের ছেলেমেয়েদের অতিরিক্ত নম্বর দেয়া হবে। আর্ট অ্যান্ড ক্রাফ্ট প্রজেক্টে যোগ হবে সেই নম্বর।
 
ইত্তেফাক/মনসুর