সাংহাই বিমানবন্দরে বোমা হামলাকারীর ৮ বছরের কারাদণ্ড

চীনের সাংহাই বিমানবন্দরে বোমা বিস্ফোরণের দায়ে শুক্রবার এক ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। আদালতের বিচারিক বিবরণীতে একথা বলা হয়েছে।
 
গত বছরের ১২ জুন সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালানো হয়। এতে তিন জন আহত হয়। হামলাকারী ঝউ জিংবাই ব্যক্তিগত ও প্রেমঘটিত সমস্যার কারণে মানসিক কষ্টে ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
হামলার সময়ে ঝউয়ের বয়স ছিল ২৯ বছর। তিনি আতশবাজি ও বিয়ারের বোতল দিয়ে বোমাটি তৈরি করেন।
 
আদালত এক বিবৃতিতে জানায়, একটি ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার প্রচেষ্টা চালানোর আগে ঝউ ভিড়ের মধ্যে তিনটি বোমা নিক্ষেপ করে। তিনটি বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত ও ফ্লাইটটি বিলম্বিত হয়।
 
আদালত জানিয়েছে, ঝউয়ের মধ্যে মানসিক রোগের লক্ষণ দেখা যায়নি। বাসস/এএফপি/কেএআর।
 
ইত্তেফাক/সেতু