ভারতে মধ্যপ্রদেশে ট্রাক চাপায় একই পরিবারের ৪ জন নিহত

ভারতের ইন্দোর-আহমেদাবাদ জাতীয় মহাসড়কে রবিবার সকালে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে। এক দম্পতি ও তাদের দুই সন্তান মোটরসাইকেলে করে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 
 
পরিবারটি ধার জেলার ভানওয়ার্কুয়া গ্রামে বাস করতো। স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা কৈলাশ পতিদার বলেন, ‘পরিবারটি ধার জেলার গাতিবিলদ গ্রাম থেকে ফিরছিলো। কালসাদা গ্রামের ইন্দোর-আহমেদাবাদ মহাসড়কে ট্রাকটি তাদের মোটরসাইকলকে ধাক্কা দেয়।’
 
তিনি জানান, নিহতদের পরিচয় জানা গেছে। এরা হলেন- শোভারাম (৪৪), তার স্ত্রী কলাবাই (৩৮) ও তাদের দুই ছেলে আইয়ুশ (১০) ও আকাশ (৮)। শোভারাম, কলাবাই ও আইয়ুশ ঘটনাস্থলেই নিহত হন। আকাশকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পতিদার বলেন, ‘আমরা লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনার পর ট্রাক চালক ট্রাকে করে পালিয়ে যায়। আমরা তার সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছি।’ পিটিআই।
 
ইত্তেফাক/সাব্বির