মার্কিন জাহাজের গতিপথ বদলাতে বাধ্য করল ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের গতিপথ বদলাতে বাধ্য করেছে ইরান। ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডের বেশ কয়েকটি দ্রুত গতিসম্পন্ন নৌযানের বাধার মুখে জাহাজটি গতিপথ পরিবর্তনে বাধ্য হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের বাধার মুখে মার্কিন নৌবাহিনীর ইউএসএনএস ইনভিনসিবল ও ব্রিটিশ রয়্যাল নেভির তিনটি জাহাজ গতিপথ বদলাতে বাধ্য হয়। এসময় মার্কিন জাহাজের প্রায় ৫৫০ মিটারের মধ্যে ইরানের নৌযানগুলো চলে এসেছিল। মার্কিন নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালি ও সংশ্লিষ্ট জলপথে এমন ঘটনা প্রায়ই ঘটছে। এসব ঘটনাকে ‘অপেশাদার ও ভয়ঙ্কর’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইরানের টানাপোড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তি বাতিলের পক্ষে। যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী প্রবেশ নিষিদ্ধ করে দুই দফা জারিকৃত ট্রাম্পের নির্বাহী আদেশে ইরানের নাম আছে। এসব কারণে দেশটির রাজধানী তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে নজিরবিহীন ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের ইরানবিরোধী অবস্থানের জবাবে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

ইত্তেফাক/নূহু