ভারতে ৫শ’ কেজি ওজনের নারীর অস্ত্রোপচার সম্পন্ন

ভারতের একটি হাসপাতালে মিশরীয় এক নারীর শরীরের অতিরিক্ত ওজন কমাতে অস্রোপচার করা হয়েছে। ৫শ’ কেজি ওজন সম্পন্ন এই নারীকে বিশ্বের সর্বোচ্চ ওজনধারী মহিলা হিসেবে গণ্য করছেন অনেকে।
 
মুম্বাইয়ের সাইফি হাসপাতালের এক মুখপাত্র জানান, ইমান আহমেদ আব্দেল এতি নামের ৩৬ বছরের এই নারী অপারেশনের পর প্রায় ১শ’ কেজি ওজন হারিয়েছেন।
 
হাসপাতালটির এক বিবৃতি আরো জানানো হয়, ‘আমারা যত তাড়াতাড়ি সম্ভব তাকে মিশরে ফিরে যাওয়ার মতো সুস্থ ও সবল করে তোলার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’
 
গত জানুয়ারিতে একটি চার্টার্ড প্লেনে করে ভারতে আসার আগ পর্যন্ত এই নারী ২৫ বছর ধরে বাড়ির বাইরে বের হতে পারেন নি বলে জানান তার পরিবারের সদস্যরা।
 
সাইফি হাসপাতালের মুখপাত্র বার্তা সংস্থা বিবিসিকে আরো বলেন, সামনের মাসগুলোতে আরো অপারেশনের মাধ্যমে তার শরীরের অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা অব্যাহত থাকবে।
IMG0
বিশাল দেহশালী এই নারীর অপারেশনের দায়িত্বে ছিলেন বারিয়াট্রিক সার্জন ডাক্তার মোফ্ফাজাল লাকদাওলার নেতৃত্বে সাহসী একদল চিকিৎসক। 
 
উল্লেখ্য, বারিয়াট্রিক সার্জারি হচ্ছে বিপজ্জনকভাকে স্থূল হয়ে যাওয়া মানুষের ওজন কমানোর অপারেশন পদ্ধতি। যা ধাপে ধাপে সম্পন্ন হয়ে থাকে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু