শরণার্থী বিষয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার অঙ্গীকার

যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কানাডায় শরণার্থীদের প্রবেশের কারণ সনাক্তে পরস্পরকে সহায়তার অঙ্গীকার করেছে কানাডা ও যুক্তরাষ্ট্র।
 
কানাডার জননিরাপত্তা মন্ত্রী রাল্ফ গুদালে ও দেশটিতে সফরকারী মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলির মধ্যে শুক্রবারে এক বৈঠকের পর এই অঙ্গীকারের ঘোষণা এলো।
 
এক সংবাদ সম্মেলনে গুদালে বলেন, ‘কেউ কানাডার সীমান্তে প্রাচীর তোলার পরামর্শ দিচ্ছে না। যেমনটা বলা হয়েছে মেক্সিকান সীমান্তের ক্ষেত্রে।’ 
 
তিনি আরো বলেন, ‘যারা কানাডায় রাজনৈতিক আশ্রয়ের জন্যে দেশটিতে পৌঁছেছেন তাদের জীবনবৃত্তান্ত ও বায়োমেট্রিক তথ্য আরো ভালভাবে বিশ্লেষণ করা হবে, যাতে করে এর কারণ জানা এবং যে কোন ধরনের সন্ত্রাসবাদের ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়।’
 
সরকারি টেলিভিশন সিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে কেলি বলেন, কানাডায় শরণার্থীদের সঙ্গে ট্রাম্পের ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিক ও শরণার্থীদের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন তার কোন সম্পর্ক রয়েছে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত হতে পারেননি।
 
কেলি বলেন, যারা অবৈধভাবে কানাডায় ঢুকেছেন তাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে বৈধ ছিলেন। আবার এদের অনেকই খুব অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু