বিধানসভা নির্বাচন পরবর্তী অভিনব টুইট বার্তা মমতার

ভারতে বিধানসভা নির্বাচনে ৫ রাজ্যের ভোটে এগিয়ে থেকে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। পাশাপাশি শুধু পাঞ্জাবে ঘুরে দাঁড়াতে পেরেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে অভিনব বার্তা দিলেন পশ্চিমবঙ্গের তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 
বিজেপি আর কংগ্রেস দুই দলের সঙ্গেই সমান দূরত্ব বজায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, তাঁর দল শুধু মাত্র ভোটারদের সম্মান করে। 
 
ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার জন্য যেমন মমতার শুভেচ্ছা পেলেন, তেমনই তৃণমূলনেত্রীর অভিনন্দন পেলেন দল মত নির্বিশেষে সব জয়ীরা। তবে এতে কারও নাম উল্লেখ করেননি তিনি। বরাবরই কেন্দ্রীয় মোদীর সরকারের বিরোধিতা করে এলেও এই পাঁচ রাজ্যের ভোট চলার সময়ে কার্যত চুপ ছিলেন তৃণমূলনেত্রী।
 
কিন্তু ভোটের ফল ঘোষণার পরে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ মমতা সরাসরি বিজেপি বা কংগ্রেসকে অভিনন্দন না জানিয়ে ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি নিয়ে টুইট করেছেন।
IMG0
প্রথম টুইটে তিনি লিখেন ‘গণতন্ত্রে সবার সবাইকে শ্রদ্ধা জানানো উচিত। কারণ, কেউ জেতে, কেউ হারে। মানুষকে বিশ্বাস করুন।’
 
দ্বিতীয় টুইটে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিভিন্ন রাজ্যে জয়ীদের অভিনন্দন। নিজেদের পছন্দ বেছে নেওয়ার জন্য ভোটারদেরও অভিনন্দন। যাঁরা পরাজিত, তাঁরা ভেঙে পড়বেন না।’ আনন্দবাজার প্রত্রিকা।