শিশুকে টিকা না দিলে কঠোর ব্যবস্থা গ্রহণের নীতি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ‘নো জ্যাব নো প্লে’ (টিকা না নিলে নিষিদ্ধ) নীতির আওতায় টিকা ছাড়া শিশুদের মাতৃসদন ও প্রি-স্কুলে নিষিদ্ধ করা হবে।
ইতিমধ্যে অস্ট্রেলিয়ার অনেক অঙ্গরাজ্যে এই নীতি প্রচলিত রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, এখন পুরো দেশজুড়ে এই আইন প্রচলন করা হবে। স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা ব্যক্তিরা এই উদ্যোগকে সমর্থন করেছেন। একটি সমীক্ষায় দেখা গেছে, ২ হাজার বাবা মার মধ্যে অন্তত ৫% বা ১০০ জন তাদের শিশুকে পরিপূর্ণভাবে টিকা দেননি।
হুপিং কফে মারা যাওয়া এক শিশুর উদাহরণ দিয়ে টার্নবুল বলেন, এটা কোনো তাত্ত্বিক কার্যক্রম নয় এটা জীবন ও মৃত্যুর প্রশ্ন। যদি কোনো বাবা-মা ঠিক করে যে তাদের সন্তানকে টিকা না দিলে তারা শুধু নিজেদের সন্তানকেই ঝুঁকির মধ্যে ফেলছে না, অন্যদের সন্তানদেরও ফেলছে। এর আগে কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্য আগেই এই নীতি গ্রহণ করেছে। বিবিসি।