বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা : লোকবল সংকটে কার্যক্রম ব্যাহত

দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল এখন সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা খোলা।  সরকার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য গতিশীল করতে এ পদক্ষেপ নিয়েছেন। 
 
১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আজ শনিবার ১৯ দিন। কাস্টমস ও বন্দরে কোথাও দুই শিফট আবার কোথাও তিন শিফটে কাজ হচ্ছে। কিন্তু লোকবল সংকটে সাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। 
 
বেনাপোল বন্দর থেকে খালাসকৃত পণ্য নিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত ১১৩টি পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দর ছেড়েছে।  শুক্রবার আমদানি হয়েছে ৮৩ ট্রাক এবং শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত আমদানি হয়েছে ১১৯ ট্রাক পণ্য। 
 
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মৌলা জানান, ৭ দিনই  ২৪ ঘণ্টা খোলা থাকায় এখানে তিন শিফটের কাজ আমাকে একা করতে হচ্ছে। বিধায় সকল কাজ একা করতে বেশ সমস্যা হচ্ছে। 
 
বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার এ আর এম রকিবুল হাসান জানান,  এখানে জনবল সংকট থাকলেও সাতদিনই ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখা হয়েছে। এখানে ব্যবসায়ীদের কোনো সমস্যা হচ্ছে না।
 
বেনাপোল স্থলবন্দরের ডেপুটি পরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম জানান, আমদানিকারকদের পণ্য খালাস দেয়ার জন্যই আমরা বন্দর খোলা রেখেছি।  দুই শিফটে ২৪ ঘণ্টা আমরা পণ্য খালাস দিচ্ছি বন্দর থেকে।
 
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার শওকত হোসেন জানান, সাতদিনই ২৪ ঘণ্টা কার্যক্রম চালু হওয়ার পর বেনাপোল বন্দরের কাজের গতি বেড়েছে। তবে এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবল বাড়ানো অতি জরুরি।
 
ইত্তেফাক/ইউবি