ঝিনাইদহে ব্যাংক কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ডাকাতকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 
 
রবিবার দুপুরে শৈলকুপা উপজেলার ভাটই বাজারের পাশে গ্রামীণ ব্যাংকের দুধসর শাখার সামনে এ ঘটনা ঘটে। 
 
ব্যাংকের কর্মচারী জাহেদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামীণ ব্যাংকের দুধসর শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক তাছির উদ্দিন  ভাটই বাজার থেকে টাকা সংগ্রহ করে  মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা তিনজন ডাকাত অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তিনি টাকার ব্যাগসহ এক ডাকাতকে ঝাপটে ধরেন। চলতে থাকে ধস্তাধস্তি। এক পর্যায়ে তিন ডাকাত মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে দুই ডাকাতকে ধরে ফেলে। 
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাইপপুর গ্রামের এয়াকুব বিশ্বাসের ছেলে এমদাদ হোসেন ও কুমিল্লা জেলার  মুরাদনগর উপজেলার ফুল্লা গ্রামের হারুন মিয়ার ছেলে মো. আলামিন।  এ ঘটনায় আহত ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক  তাছির উদ্দিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি