গাইবান্ধায় নদ-নদীগুলোর পানি অব্যাহতভাবে কমতে থাকার মুখেও রবিবার ঘাঘট নদীর পানির চাপে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কের বামনডাঙ্গা স্লুইচ গেট এলাকায় প্রায় ২০ ফুট অংশ ধসে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
হুমকিতে পড়েছে লালমনিরহাট-সান্তাহার রেলরুটের নিকটবর্তী রেললাইন ও রেলসেতু। এ ছাড়া এতে নতুন করে আরো ৯টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এদিকে শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের নয়া বাজার বালুয়া এলাকার করতোয়া নদীর নুরুল্যার বিলের বাঁধের দেড়শ মিটার ভেঙ্গে ১০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়ে পড়েছে।
অপরদিকে গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে এক গৃহবধূ ও এক শিশুর মৃত্যু হয়েছে এবং করতোয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। সাপের কামড়ে ফুলছড়িতে মারা গেছে এক শিশু। জেলায় বন্যা কবলিত সাত উপজেলার ৪ লাখ পানিবন্দি মানুষের মাঝে রবিবার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা ইদ্রিস আলী জানান, জেলায় দ্বিতীয় দফায় বন্যা উপদ্রুত এলাকায় ৫২৬ কি.মি. কাঁচা সড়ক ও ১২ কি.মি. পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইত্তেফাক/ইউবি