সাদ্দাম হত্যা মামলার আসামি ৩ দিনের রিমান্ডে

বগুড়ার নন্দীগ্রামে আলোচিত সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি রিপনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালাত।

আজ রবিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আসামির ৭ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস. আই. আলী আকবর জানান, চলতি মাসের ১৬ আগষ্ট রিপন মিয়া আদালতে আত্মসমর্পন করে। ১৭ আগষ্ট বিজ্ঞ আদালতের কাছে আসামির ৭ দিনের রিমান্ড চাইলে আজ রোববার আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জুলাই সকালে রিপন মিয়া নন্দীগ্রাম উপজেলার শেখের মাড়িয়া গ্রামে তার খালাতো ভাই সাদ্দামের ঘরে বসে ছিল। বেলা ১২ টার দিকে রিপন তার খালাতো ভাই সাদ্দামকে ঘরের ভিতরেই মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। ঘটনার পর বাড়ির লোকজন কোন কিছু বুঝে ওঠার আগেই হত্যাকারী রিপন পালিয়ে যায়।

নিহতের বাবা শাহজামাল সরদার মন্টু বাদী হয়ে রিপনকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পুলিশ গত ১৯ জুলাই উপজেলার কবিপাড়ার একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ পিস্তল ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

ইত্তেফাক/নূহু