বগুড়ার নন্দীগ্রামে পানিতে ফেলে পাঁচ বছরের শিশু জুঁই হত্যা মামলার প্রধান আসামি নূরানী খাতুনকে (১৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ রবিবার বিকেলে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এস. আই. চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গুলিয়াকৃষ্ণপুর এলাকা থেকে নূরানী খাতুনকে গ্রেফতার করে। নূরানী খাতুন উপজেলার গুলিয়কৃষ্ণপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় গুলিয়াকৃষ্ণপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে নুরানী খাতুন (১৬) একই গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জুঁই খাতুন (৫) ও ইজারুল ইসলামের মেয়ে কুলসুম খাতুন কে (৫) নাগর নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে জুঁই খাতুন নিহত হয়। স্থানীয়রা টেরে পেয়ে নদী থেকে কুলসুম খাতুন কে জীবিত অবস্থায় উদ্ধার করলে ও জুঁই খাতুন কে বাঁচাতে পারেনি।
এ ঘটনায় নিহতের চাচা জাহাঙ্গির আলম বাদী হয়ে নূরানী খাতুনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
রবিবার রাতে থানার উপ-পরির্দশক (এসআই) চাঁন মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু