পাওনা টাকা দেয়ার কথা বলে আশিক শেখ (২৪) নামে এক যুবককে ডেকে নিয়ে গিয়েছিলেন আশিকুর রহমান অলি নামে তার এক বন্ধু। পরে আশিকুর রহমান ও তার পরিবার মিলে আশিককে হত্যা করে। নাটোরের গুরুদাসপুরে রাত ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় টলটলিপাড়া মহল্লায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি আশিকের পরিবারের সদস্যদের।
জানা গেছে, রবিবার রাত সাড়ে নয়টার দিকে আশিককে (২৪) বাড়িতে ডেকে নিয়ে যায় আশিকুর রহমান। ওই রাতেই বাড়ির গেট বন্ধ করে অলি ও তার পরিবারের লোকজন কুপিয়ে হত্যা করে আশিক শেখকে। প্রতিবেশিরা জড়ো হওয়ার আগেই আশিক শেখের প্রাণহীন রক্ত্যক্ত নিথর দেহটি বাড়ির উঠোনে ফেলে সটকে পরে হত্যাকারীরা।
নিহত আশিক শেখ কাচারীপাড়া মহল্লার নজরুল শেখের ছেলে ও গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখের ভাতিজা।
হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার দুপুরে নিহত আশিকের বাবা নজরুল শেখ বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আশিক শেখের বন্ধু
আশিকুর রহমান ওরফে অলি (২৪) অলির বাবা জালাল উদ্দিন মন্ডল (৫২), মা আলেয়া বেগম (৪২) ও স্ত্রী রিয়া খাতুন (২০) কে আসামি করা হয়েছে। বিকাল পর্যন্ত হত্যার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক কামরুল ইসলাম জানান, আশিক শেখের গলা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় আশিককে। সোমবার সকালে লাশ নাটোর মর্গে পাঠানো হয়।