সাকিবের বাড়ির সামনের সেই রাস্তার উন্নয়ন হচ্ছে

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়ির সামনের সেই ভাঙা রাস্তার উন্নয়ন কাজ  শুরু করছে পৌরসভা। 
 
গত ৭ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘মাগুরায় সাকিবের বাড়ির সামনে রাস্তার বেহাল অবস্থা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। জেলা প্রশাসক আতিকুর রহমান বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হককে দায়িত্ব দেন। আজমুল হক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সঙ্গে আলোচনা করলে তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 
 
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে- রাস্তার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাস্তায় উচু করে খোয়া ফেলে রুলার দেয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই এ রাস্তায় পিচঢালাই এর কাজ শুরু হবে। 
 
মাগুরা পৌরসভার প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক জানান, মাগুরার অধিকাংশ রাস্তার উন্নয়ন কাজ চলছে। এ রাস্তাটি অপেক্ষাকৃত নিচু থাকায় রাস্তাটিকে উচু করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি