মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যু্বক নিহত

 
মেহেরপুরে স্যালো ইঞ্জিন চালিত যান আলগামন উল্টে নিহত হয়েছেন জাকিরুল ইসলাম (৪২) নামে এক কৃষক। তিনি সদর উপজেলার হিজুলি গ্রামের আশকান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন গাংনী উপজেলার ঢেপা গ্রামের গর্ভবতী যাত্রি মৌসূমি (৩২) ও তার বাবা বাহার আলী (৬৩)। 
 
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
আহত বাহার আলী জানান, একটি স্যালো ইঞ্জিন চালিত যান আলগামনে করে ৬/৭ জন যাত্রী নিয়ে রাজনগর থেকে মেহেরপুরে আসছিলেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের সামনে আলগামনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আহত হন জাকিরুল ইসলাম, মৌসূমী ও তিনি নিজেই। 
 
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত গর্ভবতী মৌসুমিকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে